Home Uncategorized চড়া বাজারদর নিয়ন্ত্রণে কুলপি বাজারে EB-র অভিযান, পরিদর্শনে মহকুমা শাসক

চড়া বাজারদর নিয়ন্ত্রণে কুলপি বাজারে EB-র অভিযান, পরিদর্শনে মহকুমা শাসক

0

উত্তম কর্মকার, কুলপি: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চড়া দাম নিয়ন্ত্রণে আনতে এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি রুখতে রাজ্য সরকারের নির্দেশে কুলপি বাজার-সহ একাধিক বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। বুধবার সকালে প্রশাসনের আধিকারিকদের নিয়ে কুলপি বাজারের বিভিন্ন দোকান ও বাজার পরিদর্শন করা হয়।
অভিযানের মূল লক্ষ্য ছিল নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হচ্ছে কি না, পাশাপাশি পাইকারি ও খুচরো বাজারে দামের পার্থ্য কোথায় এবং কোনও ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন কি না, তা খতিয়ে দেখা। এদিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের সতর্ক করেন প্রশাসনের আধিকারিকরা। একইসঙ্গে বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলে অতিরিক্ত দাম নেওয়া বা মূল্য সংক্রান্ত কোনও সমস্যা হচ্ছে কি না, তা জানতে চাওয়া হয়।
ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন মন্দিরবাজারের এসডিপিও, কুলপি থানার বিডিও পার্থসারথী ঘটক, কুলপি থানার ওসি পার্থ সাহা, মহকুমা খাদ্য নিয়ামক-সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা।
এদিন কুলপি বাজারের একাধিক দোকান পরিদর্শন করেন মহকুমা শাসক। ভুসিমালের দোকান থেকে শুরু করে সবজি বাজার, চালের দোকান এবং মাছ বাজারেও ঘুরে দেখেন তিনি। বিক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম ও কেনাবেচার বিষয়ে তথ্য নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা বলেন মহকুমা শাসক।
প্রশাসনের এই অভিযানের ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামে স্বচ্ছতা বজায় থাকবে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রবণতা কমবে বলেই মনে করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version