সুমন আদক, হাওড়া : হাওড়ার শিবপুর এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে ‘বড়ে’কে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো শিবপুর থানার পুলিশ। সোমবার বিকেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ যৌথভাবে জিটি রোড এবং সংলগ্ন ট্রাম ডিপো এলাকায় তাঁর বাড়ির সামনে কোমরে দড়ি বেঁধে ঘোরায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হাতে মুম্বই থেকে গ্রেফতার হয় ‘বড়ে’ সহ তিনজন। এদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় চড়াবস্তিতে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। গত ৭ই মে ওই ঘটনার পর থেকে ‘বড়ে’ ফেরার ছিল। রবিবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বড়ের স্ত্রী শামীমা বানু তৃণমূলের কাউন্সিলর ছিলেন। বড়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বেআইনি নির্মাণ, তোলাবাজি এবং গুন্ডাগিরি করতেন বলে অভিযোগ।
