Home Uncategorized কলকাতায় রোজগার মেলার ২০তম পর্ব, ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ

কলকাতায় রোজগার মেলার ২০তম পর্ব, ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ

0

নবনিযুক্তদের আজীবন শিক্ষা ও স্ব-উন্নয়নের বার্তা সুকান্ত মজুমদারের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর: দেশজুড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সরকারি পরিষেবায় নতুন প্রজন্মকে যুক্ত করার লক্ষ্যে আয়োজিত জাতীয় রোজগার মেলার ২০তম পর্বের কলকাতা অধ্যায় অনুষ্ঠিত হল শনিবার। পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর দফতরের উদ্যোগে কলকাতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভি বর্মা গর্গ এবং পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্বাঞ্চলের ডিরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্স (ইনভেস্টিগেশন) যোগেশ কুমার বর্মা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার নবনিযুক্ত কর্মীদের ‘iGOT Karmayogi’-এর গুরুত্ব তুলে ধরে আজীবন শিক্ষা এবং নিয়মিত আত্মোন্নয়নের উপর জোর দেন। দেশের সেবা করার সুযোগ পাওয়ায় নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রোজগার মেলার মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হচ্ছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, রোজগার মেলার বিভিন্ন পর্বের মাধ্যমে দেশের বিভিন্ন দফতর ও সরকারি প্রতিষ্ঠানে প্রায় ১২.৭৫ লক্ষ নিয়োগপত্র যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হবে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করছে বলেও জানান তিনি। সেই কাজে দেশের প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করে নবনিযুক্ত কর্মীদের নিজ নিজ কর্মক্ষেত্রে ছোট হলেও ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন আনার আহ্বান জানান সুকান্ত মজুমদার।

অন্যদিকে, সুরভি বর্মা গর্গ জানান, রোজগার মেলার এই পর্বটি দেশের ৪৫টি স্থানে একইসঙ্গে আয়োজন করা হয়েছে। এই পর্বে নির্বাচিত প্রার্থীদের হাতে প্রায় ৫১ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন যুবসমাজ এবং তাঁরা জনসেবায় নিজেদের যুক্ত করার সুযোগ পাচ্ছেন বলেও তিনি জানান।

কলকাতার অনুষ্ঠানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF), ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (NSO), সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE), ভারতীয় রেল-সহ বিভিন্ন সরকারি সংস্থায় নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নবনিযুক্ত কর্মীদের উদ্দেশে সুরভি বর্মা গর্গ বলেন, জনসেবায় সততা, সহমর্মিতা ও নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে এই মূল্যবোধগুলি বজায় রাখার জন্য তিনি নতুন কর্মীদের আহ্বান জানান।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজের জন্য অর্থবহ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং তাঁদের বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানের কাজে যুক্ত করাই জাতীয় রোজগার মেলার অন্যতম প্রধান লক্ষ্য। একইসঙ্গে দক্ষ, স্বচ্ছ এবং নাগরিককেন্দ্রিক সরকারি পরিষেবা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version