সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে ঘিরে এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের আমলে এটাই হতে চলেছে প্রথম গঙ্গাসাগর মেলা। ফলে এই মেলাকে ঐতিহাসিক রূপ দিতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে এবং শুরু হয়েছে পরিকাঠামো উন্নয়নের কাজও। এরই মধ্যে গঙ্গাসাগর মেলাকে ঘিরে বড়সড় আশার কথা শোনালেন শ্রী পঞ্চদশনাম জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী প্রবধানন্দ জি মহারাজ। তাঁর দাবি, আগামী বছরের গঙ্গাসাগর মেলা বিগত সমস্ত রেকর্ড ভেঙে দেবে এবং দ্বিগুণ সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে এই পুণ্যভূমিতে। শুধু তাই নয়, ব্যবস্থাপনা ও গরিমায় গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার সমতুল্য মানে পৌঁছবে বলেও আশাবাদী তিনি। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রাক-প্রস্তুতি খতিয়ে দেখতে এবং তীর্থক্ষেত্র দর্শনে পুণ্যভূমি গঙ্গাসাগরে এসে উপস্থিত হন স্বামী প্রবধানন্দ জি মহারাজ।সফরের শুরুতেই তিনি গঙ্গাসাগরের পবিত্র জলে গঙ্গাস্নান সারেন এবং এরপর কপিলমুনি মন্দিরে গিয়ে বিশেষ পুজো দেন। পুজো অর্চনার পর মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধু-সন্তদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন মহারাজ। সূত্রের খবর, ওই বৈঠকে ২০২৭ সালের গঙ্গাসাগর মেলার সার্বিক প্রস্তুতি, সাধু-সন্তদের থাকার ব্যবস্থা এবং মেলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর আগামী বছরের গঙ্গাসাগর মেলাকে ঘিরে সাধারণ মানুষ ও তীর্থযাত্রীদের মধ্যে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই গঙ্গাসাগর মেলাকে এক নতুন ও অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন।মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী প্রশাসনিক স্তরে শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা। মেলাকে আরও আধুনিক, সুসংগঠিত এবং আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে একাধিক নতুন প্রকল্প ও পরিকল্পনা নেওয়া হচ্ছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন স্বামী প্রবধানন্দ জি মহারাজ রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মেলার ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, প্রায় দু’হাজার বছর পর বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মহারাজের বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে সনাতনীদের জন্য এবং হিন্দুদের স্বার্থে লড়াই করেছেন। তাই তাঁর নেতৃত্বে এবছর গঙ্গাসাগর মেলা এক নতুন মাত্রা পাবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী।মহারাজ আরও জানান, বিগত কয়েক বছরের গঙ্গাসাগর মেলার সমস্ত রেকর্ড ভেঙে যাবে ২০২৭ সালের মেলায়।পুণ্যার্থীদের সংখ্যা দ্বিগুণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং দেশ-বিদেশের অসংখ্য তীর্থযাত্রী এই পুণ্যভূমিতে আসবেন। পুণ্যার্থীদের জন্য এক চোখধাঁধানো ও সুশৃঙ্খল গঙ্গাসাগর মেলা উপহার দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলার সমতুল্য মানে নিয়ে যাওয়ার পক্ষেও জোরালো সওয়াল করেন স্বামী প্রবধানন্দ। তাঁর মতে, মেলার পরিকাঠামো, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা এবং সামগ্রিক পরিষেবা এমন উন্নত হওয়া উচিত, যাতে দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা বিশ্বমানের পরিষেবা পান। তিনি উল্লেখ করেন, গঙ্গাসাগর মেলা কেবল বাংলার নয়, বরং গোটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ধর্মীয় সমাবেশ। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মেলাকে আন্তর্জাতিক মানচিত্রে আরও উজ্জ্বলভাবে তুলে ধরার সুবর্ণ সুযোগ রয়েছে। অন্যদিকে, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সাম্প্রতিক একটি বিতর্কিত বিষয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করেন জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর। মেলা চলাকালীন কপিলমুনি মন্দির প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় মাছ-মাংস বিক্রি সম্পূর্ণ বন্ধ করা হতে পারে বলে যে জল্পনা ও আলোচনা চলছে, সেই প্রসঙ্গে তিনি ভিন্ন এবং অত্যন্ত বাস্তবসম্মত মত প্রকাশ করেন।স্বামী প্রবধানন্দ বলেন, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের সঙ্গে মাছ ও ভাত ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে সাগরদ্বীপ ও সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরাই বহু মানুষের প্রধান জীবিকা। ফলে মেলা চলাকালীন মাছ-মাংস বিক্রি পুরোপুরি বন্ধ করে দিলে স্থানীয় প্রান্তিক মানুষের রুজি-রুটিতে বড়সড় প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।মাছ-মাংস বিক্রি হলেই কোনও ধর্মস্থান বা তীর্থক্ষেত্র অপবিত্র হয়ে যায়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন বলে স্পষ্ট জানিয়ে দেন মহামণ্ডলেশ্বর। তাঁর যুক্তি, পশ্চ…
