সুমন আদক, হাওড়া: আরপিএফের স্নিফার ডগ ‘মার্কো’র গুরুত্বপূর্ণ ভূমিকায় এবং আরপিএফের তল্লাশিতে হাওড়া স্টেশন থেকে এক যুবকের ট্রলি ব্যাগ থেকে মিললো ২২.৬৪ কেজি গাঁজা। মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স থেকে ওই ২২.৬৪ কেজি গাঁজা উদ্ধার করে আরপিএফ। ঘটনায় রবিয়াল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, রবিবার গোপন তথ্যের ভিত্তিতে হাওড়া আরপিএফের সিআইবি ও স্থানীয় আরপিএফ যৌথ অভিযান চালায়। ৮ নম্বর প্ল্যাটফর্মের কাছে সন্দেহজনক এক যুবকের ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে ১১টি প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার হয়। অভিযানে আরপিএফের স্নিফার ডগ ‘মার্কো’ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ব্যক্তিগত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পরে ধৃত যুবক ও উদ্ধার হওয়া মাদক হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। পূর্ব রেলের দাবি, রেল চত্বরে মাদক পাচার-সহ অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
