Home Uncategorized শিয়ালদহ ডিভিশনে ‘রেলওয়ান’ মোবাইল অ্যাপের প্রচারে আরও জোর ডিজিটাল টিকিটিংয়ে বাড়ছে যাত্রীদের...

শিয়ালদহ ডিভিশনে ‘রেলওয়ান’ মোবাইল অ্যাপের প্রচারে আরও জোর ডিজিটাল টিকিটিংয়ে বাড়ছে যাত্রীদের আগ্রহ

0

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৮ জুলাই ডিজিটাল টিকিটিং ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং যাত্রীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে ‘রেলওয়ান’ (RailOne) মোবাইল অ্যাপের প্রচারাভিযান আরও জোরদার করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এর আগে পরিচালিত সচেতনতামূলক প্রচারে যাত্রীদের ব্যাপক সাড়া মেলার পর এবার আরও বৃহত্তর পরিসরে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিভিশনের বাণিজ্যিক বিভাগের কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে উপস্থিত থেকে যাত্রীদের মোবাইলে রেলওয়ান অ্যাপ ডাউনলোড করতে সাহায্য করছেন। পাশাপাশি অ্যাকাউন্ট তৈরি, অ্যাপের বিভিন্ন পরিষেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং দ্রুত টিকিট কাটার জন্য ওয়ালেট ব্যবহারের পদ্ধতিও হাতে-কলমে শেখানো হচ্ছে।

রেল কর্তৃপক্ষের দাবি, এই বিশেষ প্রচারাভিযানের ইতিবাচক প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট। শিয়ালদহ ডিভিশনে রেলওয়ান অ্যাপে নতুন নিবন্ধনের সংখ্যা এবং ডিজিটাল টিকিট বুকিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে অ্যাপভিত্তিক টিকিটিং ব্যবস্থার প্রতি যাত্রীদের আস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছে রেল।

রেলওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই আনরিজার্ভড টিকিট, সিজন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট এবং সংরক্ষিত টিকিট বুক করতে পারেন। এছাড়াও অ্যাপটিতে রয়েছে একাধিক যাত্রীবান্ধব পরিষেবা, যা রেল সফরকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলছে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের উৎসাহব্যঞ্জক সাড়ার পরিপ্রেক্ষিতে আগামী দিনেও এই সচেতনতামূলক প্রচার আরও বিস্তৃত করা হবে, যাতে অধিক সংখ্যক যাত্রী ডিজিটাল টিকিটিংয়ের সুবিধা গ্রহণ করতে পারেন। এই উদ্যোগ ‘ডিজিটাল ইন্ডিয়া’-র লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনের চাপ কমানো, কাগজের ব্যবহার হ্রাস এবং প্রতিদিন শিয়ালদহ ডিভিশনের মাধ্যমে যাতায়াতকারী লক্ষ লক্ষ যাত্রীর জন্য দ্রুত, সহজ ও সম্পূর্ণ স্পর্শবিহীন ভ্রমণ পরিষেবা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে সকল যাত্রীকে রেলওয়ান মোবাইল অ্যাপ ডাউনলোড করে আরও স্মার্ট, দ্রুত ও সুবিধাজনক রেলযাত্রার অভিজ্ঞতা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version