Home Uncategorized মেছো বিড়াল সংরক্ষণ নিয়ে স্কুল ভিত্তিক সচেতনতা কর্মসূচি হাওড়ায়

মেছো বিড়াল সংরক্ষণ নিয়ে স্কুল ভিত্তিক সচেতনতা কর্মসূচি হাওড়ায়

0

সুমন আদক, হাওড়া: হাওড়া জেলার বিস্তীর্ণ জলাভূমিতে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছোবিড়াল ও অন্যান্য বিপন্ন প্রজাতির জীবজন্তুর বসবাস। কিন্তু জলাভূমি ভরাট, জঙ্গল ধ্বংস সহ বাসস্থান সংকটের জেরে মেছোবিড়াল গ্রামে এসে পুকুরের মাছ, হাঁস, ছাগল খেয়ে নেওয়ার ফলে মানুষের সঙ্গে সংঘাত বাড়ছে। এছাড়া কোথাও বাঘরোলকে দেখে বাঘের গুজব রটছে। বিভিন্ন কারণে মেছোবিড়ালের সঙ্গে মানুষের সংঘাত ও বেড়ে চলেছে রোজই। কয়েকদিন আগেই আমতার নারিটে একটি মেছোবিড়ালকে মেরে ফেলারও ঘটনা ঘটেছে। এবার তাই পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছোবিড়াল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য হাওড়া জেলায় ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট এবং ওয়ান ওয়াইল্ড ইন্ডিয়া কালেক্টিভ সংস্থার যৌথ উদ্যোগে শুরু হয়েছে নতুন একটি প্রোজেক্ট “বাঘরোল বন্ধু – ওয়ান লার্নস্, ওয়ান লিডস্”। হাওড়া জেলার বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে মেছোবিড়াল সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই প্রোজেক্টের উদ্বোধন হলো বাগনান-১ ব্লকের ভূঁয়েড়া বি.এন.এস হাই স্কুলে। ছাত্র ছাত্রীদের মেছোবিড়াল সম্বন্ধে প্রোজেক্টরে বিভিন্ন তথ্যচিত্র, ছবি, ভিডিও দেখানো হয়। এছাড়া জলাভূমি, মেছোবিড়াল এর উপর তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী লেখিকা ডঃ ঐশিমায়া সেন নাগ, অরিজিৎ নাগ, ডাঃ সৌরেন্দুশেখর বিশ্বাস, ডঃ সৌরভ দোয়ারী, প্রধান শিক্ষক কিঞ্জল সেনগুপ্ত প্রমুখ। ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে চিত্রক প্রামাণিক জানান, মেছোবিড়াল আমাদের হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের গর্ব। মেছোবিড়াল রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে এই বাঘরোল বন্ধু প্রোজেক্ট ভীষণভাবে সাহায্য করবে। কারণ স্কুলগুলি এবং ছাত্র ছাত্রীরা ভীষণ উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version