Home Uncategorized ভাইফোঁটার প্রচলিত রীতিতে বদল, উলুবেড়িয়া হাসপাতালে রোগী থেকে নার্সিং সিস্টারদের কপালে ফোঁটা...

ভাইফোঁটার প্রচলিত রীতিতে বদল, উলুবেড়িয়া হাসপাতালে রোগী থেকে নার্সিং সিস্টারদের কপালে ফোঁটা দিল ‘রক্তকরবী’

0

সুমন আদক, হাওড়া: ভাইফোঁটা মানেই ভাইয়ের কপালে বোনের স্নেহের ফোঁটা। কিন্তু সেই প্রচলিত রীতির বাইরে গিয়ে এবার এক অন্যরকম ভাইফোঁটার সাক্ষী থাকল উলুবেড়িয়া। কোথাও হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন রোগীর কপালে ফোঁটা, কোথাও আবার রোগীদের সেবায় নিয়োজিত নার্সিং সিস্টারদের কপালে ভাইদের ফোঁটা। উৎসবের আনন্দকে মানবিকতার বন্ধনে বেঁধে বুধবার এমনই অভিনব উদ্যোগ নিল রক্তের পরিবার ‘রক্তকরবী’। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পুরাতন ও নতুন ভবনের পুরুষ বিভাগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চিকিৎসাধীন রোগীদের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এমনকী হাসপাতাল চত্বরে দায়িত্বে থাকা পুলিশকর্মীদেরও এই উৎসবে সামিল করা হয়। হাসপাতালের শয্যায় অসুস্থতার সঙ্গে লড়াই করা সুভাষ থেকে সিরাজুল, একে একে অনেক রোগীর কপালেই চন্দনের ফোঁটা দেন রক্তকরবীর সদস্যরা। মাথায় ধান-দুর্বা ছুঁইয়ে তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন সংগঠনের মহিলারা। হাসপাতালের একঘেয়েমি ও অসুস্থতার যন্ত্রণার মধ্যে আচমকা এমন ভালোবাসার স্পর্শ পেয়ে অনেক রোগীর মুখেই ফুটে ওঠে হাসি। কারও চোখে দেখা যায় আবেগের অশ্রু। অন্যদিকে, উৎসবের দিনেও যাঁরা পরিবারকে ছেড়ে রোগীদের সেবায় নিয়োজিত, সেই নার্সিং সিস্টারদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন এগিয়ে আসেন রক্তকরবীর পুরুষ সদস্যরা। তাঁদের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন তাঁরা। পাল্টা নার্সিং সিস্টাররাও ফোঁটা দেন রক্তকরবীর ভাইদের। কাকলী, উপমা, কাশ্মীরা-সহ সংগঠনের সদস্যারা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। সংগঠনের সম্পাদক শাশ্বত পাড়ুই জানান, চিকিৎসক ও নার্সরা মানুষের জীবন বাঁচাতে গিয়ে অনেক সময় নিজেদের ব্যক্তিগত আনন্দ ও উৎসব বিসর্জন দিয়ে কর্তব্য পালন করেন। তাঁদের এই আত্মত্যাগ ও মানবিক কাজের প্রতি সম্মান জানানোই ছিল অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মনোবল বাড়ানো এবং তাঁদের পাশে থাকার বার্তাও দিতে চেয়েছেন তাঁরা। সব মিলিয়ে এদিন উলুবেড়িয়া হাসপাতালে ভাইফোঁটা শুধু ভাই-বোনের চিরাচরিত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকল না। রোগীর প্রতি সহমর্মিতা, স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে উৎসব পেল এক অন্য মাত্রা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version