Home Uncategorized বছরের প্রথম দিনে কঙ্কালীতলায় ভক্তের ঢল, সতীপীঠে আলাদা ধর্মীয় আবহ

বছরের প্রথম দিনে কঙ্কালীতলায় ভক্তের ঢল, সতীপীঠে আলাদা ধর্মীয় আবহ

0

বিশাল দাস : নতুন বছরের প্রথম দিনেই শান্তিনিকেতনের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায় দেখা গেল এক বিশেষ ধর্মীয় উচ্ছ্বাস ও আধ্যাত্মিক পরিবেশ। ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত ও রাজ্যের বাইরে থেকে আসা ভক্ত এবং পর্যটকদের ভিড়ে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা। বছরের শুরুটা মায়ের দর্শন দিয়ে করার ইচ্ছায় মানুষের ঢল নামে কঙ্কালীতলায়।
শুধু মন্দির চত্বরই নয়, কঙ্কালীতলা সংলগ্ন পিকনিক স্পটগুলিতেও এদিন ছিল উপচে পড়া ভিড়। পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই নতুন বছরের প্রথম দিনটি কাটাতে এসেছেন এই ঐতিহ্যবাহী তীর্থস্থানে। ধর্মীয় আবহের সঙ্গে মিলেমিশে গিয়েছিল উৎসবের আমেজ।
মন্দির সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৩০ হাজার ভক্ত মা কঙ্কালীতলার দর্শন ও পুজো দিয়েছেন। বিপুল ভিড় সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে মন্দির কর্তৃপক্ষকে। ঠেলাঠেলির মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভক্তরা মায়ের দর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ছিল স্বেচ্ছাসেবক ও প্রশাসনের প্রতিনিধিরা।
প্রত্যেক বছরের মতো এবছরও নতুন বছরের প্রথম দিনে কঙ্কালীতলায় এসে পুজো দেওয়ার রীতি মেনে চলেছেন বহু ভক্ত। তাঁদের বিশ্বাস, বছরের শুরুতে মায়ের আশীর্বাদ পেলে সারা বছর সুখ-শান্তি ও সমৃদ্ধিতে কাটে। ভক্তদের প্রার্থনায় উঠে আসে ব্যক্তিগত কল্যাণের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনার কথা।
ধর্মীয় বিশ্বাস, নতুন বছরের প্রত্যাশা এবং মানুষের আবেগ—সব মিলিয়ে বছরের প্রথম দিনে কঙ্কালীতলা যেন এক অনন্য আধ্যাত্মিক মিলনক্ষেত্রে পরিণত হয়। সতীপীঠের এই বিশেষ আবহ নতুন বছরকে স্বাগত জানাতে ভক্তদের মনে এনে দেয় আশার আলো ও বিশ্বাসের।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version