কলকাতা, ৬ আগস্ট, ২০২৫: জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) কলকাতায় নারী দিবস উপলক্ষে ‘এক্সট্রাঅরডি-নারী: উইংস অব উইজডম’ শিরোনামের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান বিজ্ঞানে ও শিক্ষাক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি। নারী-সমতা, অন্তর্ভুক্তি এবং বৈজ্ঞানিক উৎকর্ষ প্রসারে জেডএসআই-এর অঙ্গীকারের প্রতিফলন এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রথম ‘উইজ অ্যাওয়ার্ড ২০২৫’ (উইমেন ইন জুলজি) প্রদান। চারজন মেধাবী ছাত্রী — শ্রীমতী প্রীতি দেবনাথ, শ্রীমতী সোনালি গাজি, শ্রীমতী সায়নী রায় এবং শ্রীমতী লাভলি মুখার্জি-র হাতে এই মানপত্র তুলে দেওয়া হয়। এই সম্মান তাঁদের প্রাণীবিজ্ঞানে কৃতিত্ব ও ভবিষ্যতের সম্ভাবনার স্বীকৃতিস্বরূপ।
জেডএসআই-এর অতিরিক্ত পরিচালক ড. রঘুনাথন স্বাগত ভাষণে নারীর ঐতিহাসিক মর্যাদা ব্যাখ্যা করেন। তিনি ঋষিকা ও প্রাচীন ভারতীয় মূল্যবোধের উল্লেখ করে বলেন, রাবণ ও কৌরবদের পতনের মূল কারণ ছিল নারীদের প্রতি অসম্মান। সেইসঙ্গে, তিনি শিক্ষাক্ষেত্রে সাবিত্রীবাই ফুলে ও কাদম্বিনী গাঙ্গুলির পথপ্রদর্শক ভূমিকার কথাও স্মরণ করান।
ড. গীতাঞ্জলি দাশ, উপাচার্য, বেরহামপুর বিশ্ববিদ্যালয়, বলেন, — “ইতিহাস নারীদের অবদানের প্রতি পক্ষপাততুষ্ট,” এবং কমলা সোহোনির মতো অজ্ঞাত নারীবিজ্ঞানীদের যথোচিত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
সিএসআইআরের মহাপরিচালক ড. এন. কালাইসেলভি বলেন, “বাড়ির রান্নাঘর বৈজ্ঞানিক ও প্রশাসনিক সৃজনশীলতার উৎস,” এবং তিনি ঘরোয়া পরিসরে নারীদের উদ্ভাবনী শক্তিকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি কন্যা শিশুদের সৃজনশীলতাকে লালন করার আহ্বান জানান এবং সেই পুরুষদের শ্রদ্ধা জানান, যাঁরা নারীর ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা নেন। পরিসংখ্যানে দেখা যায়, ভারতে বর্তমানে মাত্র ৫৫ জন মহিলা উপাচার্য রয়েছেন — যা নেতৃত্বে লিঙ্গসমতার পথে আরও অগ্রগতির প্রয়োজনীয়তা ইঙ্গিত করে।
সকল বক্তা ড. ধৃতি ব্যানার্জি-কে জেডএসআই-এর প্রথম মহিলা পরিচালক হিসেবে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানে তাঁর অসামান্য অবদানের প্রশংসা করেন।
‘অর্ডিনারি টু এক্সট্রাঅর্ডিনারী: দ্য জার্নি’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন অধ্যাপক আয়াজ এ. শফি। আলোচনায় অংশ নেন ড. নন্দিনী চ্যাটার্জি (আইএএস), ড. রুচি বাদোলা, ড. অর্চনা সিনহা, বন্যা রায় ও অজন্তা দে। তাঁরা তাঁদের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরেন মঞ্চে।
অনুষ্ঠানে সম্মান জানানো হয় অবসরপ্রাপ্ত জেডএসআই বিজ্ঞানী শ্রীমতী রিনা চক্রবর্তী, শিক্ষাবিদ গার্গী ব্যানার্জি, এবং যোগব্যায়াম প্রশিক্ষক শ্রীমতী সৌমী মিত্র-কে। দুটি নতুন প্রকাশনা, ‘ক্রিচার ক্রনিকলস – ওয়াইল্ড হার্টস, ওয়াইজ মাইন্ডস’ এবং ‘জেডএসআই ডিরেক্টরি – ২০২৫’, এই অনুষ্ঠানে উন্মোচিত হয়।
অনুষ্ঠান সমাপ্ত হয় সাংস্কৃতিক পরিবেশনা, ড. আনজুম এন. রিজভির (যুগ্ম পরিচালক, জেডএসআই) ধন্যবাদজ্ঞাপন এবং জাতীয় সংগীতের মাধ্যমে।
