Home Uncategorized জাতীয় যুব উৎসবে বিশ্বভারতীর সাফল্য, একাধিক বিভাগে পদক

জাতীয় যুব উৎসবে বিশ্বভারতীর সাফল্য, একাধিক বিভাগে পদক

0

বিশাল দাস : তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত সত্যবামা বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত জাতীয় যুব উৎসবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এর ছাত্রছাত্রীরা। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চলা এই উৎসবে দেশের প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল বিভাগে অংশ নিয়ে একাধিক পদক জিতে নেয় বিশ্বভারতীর প্রতিনিধিরা। শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, বিশ্বভারতীর সংগীত ভবন, কলাভবন ও ভাষা ভবন থেকে মোট প্রায় ১৮ জন ছাত্রছাত্রী এই উৎসবে অংশ নেন। বিভিন্ন প্রতিযোগিতায় তাঁদের সাফল্য বিশ্বভারতীকে বিশেষভাবে গর্বিত করেছে।
মুখাভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছেন সংগীত ভবনের আবীর পাল, দীপ সান্যাল ও ঋষিকেশ প্রামাণিক। এই দলে কলাভবনের শায়না সাউ, সুদিন মালিক এবং ভাষা ভবনের অর্জুন রায় ও শরণ্যা সেনও অংশ নেন।
শাস্ত্রীয় বাদ্যযন্ত্র পরিবেশন বিভাগে সংগীত ভবনের বিশ্বজিৎ দাস দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক লাভ করেন। এছাড়াও পোস্টার অঙ্কন বিভাগে কলাভবনের ডিম্পিস্মিতা ঠাকুরিয়া তৃতীয় স্থান অধিকার করেন। মাটির মূর্তি নির্মাণ প্রতিযোগিতায় কলাভবনের স্মৃতি প্রামাণিক তৃতীয় স্থান অর্জন করেন।
ভারতীয় দলীয় সঙ্গীত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন সংগীত ভবনের সুমনা মুখার্জি, সুমিতা দাস, শ্রেয়া সিংহ, তন্ময় পাল, বিশ্বজিৎ দাস, মনোজ মারান্ডি ও জ্যোতির্ময় বিশ্বাস। পাশাপাশি পাশ্চাত্য একক সঙ্গীত বিভাগে সংগীত ভবনের নিবেদিতা দেবনাথ চতুর্থ স্থান লাভ করেন। তাৎক্ষণিক চিত্রাঙ্কন বিভাগে কলাভবনের আকাশ কর্মকারও অংশগ্রহণ করেন।
জাতীয় স্তরের এই উৎসবে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের সাফল্যে বিশ্ববিদ্যালয় মহলসহ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version