Home Uncategorized জনবহুল এলাকায় অবৈধ রাসায়নিক কারখানা

জনবহুল এলাকায় অবৈধ রাসায়নিক কারখানা

0

সুব্রত মন্ডল, সোনারপুর : সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ ১ নম্বর অঞ্চলের খেয়াদহ বাজার সংলগ্ন জনবহুল এলাকায়, বিপজ্জনক রাসায়নিক ভর্তি ড্রাম ও বিভিন্ন রাসায়নিক সামগ্রী অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় রাসায়নিক গুলি মজুদ করা হয়েছে সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ কোন ব্যবস্থা নেই। এমনকি কোন অগ্নিকাণ্ড বা অন্য কোন জরুরি পরিস্থিতি তৈরি হলে,দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর মতো উপযুক্ত রাস্তাও নেই। এলাকাবাসীর আরো অভিযোগ, ওয়েট ল্যান্ড জলা জমি ভরাট করে ওই এলাকায় রাসায়নিক সংক্রান্ত কারখানা গড়ে তোলা হয়েছে। কারখানাটির কার্যকলাপের পিছনে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্ব ও মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন আমজনতা। কারখানার আশেপাশে বাসিন্দাদের দাবি,বিষয়টি নিয়ে তাঁরা থানায় অভিযোগও জানিয়েছিলেন। তবে অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সোনারপুর উত্তর তিন নম্বর মন্ডলের বিজেপি নেতৃত্বের একটি দল ওই রাসায়নিক কারখানা পরিদর্শন করে। সেখানে মজুদ রাসায়নিকের ড্রাম,অগ্নি নিরাপত্তার ব্যবস্থা এবং জরুরী পরিস্থিতিতে দমকলে গাড়ি প্রবেশের পথ সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। জনবহুল এলাকায় এভাবে বিপদজনক রাসায়নিক মজুদ করে রাখায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ের নজরে এনে দ্রুত তদন্ত করা হোক। পাশাপাশি রাসায়নিক মজুদ ও কারখানার বৈধতা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশগত অনুমোদন খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থার দাবিও জানিয়েছেন আমজনতা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version