
গঙ্গাসাগরে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর নাম সঞ্চিতা মহাপাত্র (১৯)। রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সোমবার ভোরে বাপের বাড়ির লোকজনকে ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেওয়া হয়। যদিও শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার দাবি করা হলেও, গৃহবধূকে অত্যাচার করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বাপের বাড়ির লোকজন। এই ঘটনায় ইতিমধ্যেই সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মন্দিরতলা খেয়াঘাট এলাকার বাসিন্দা সঞ্চিতা মহাপাত্রের সঙ্গে প্রায় এক বছর আগে দেবী মথুরাপুর সোলার প্রজেক্ট এলাকার এক যুবকের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে সঞ্চিতার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ উঠেছে। বাপের বাড়ির দাবি, প্রতিনিয়ত সংসারের নানা বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত।সোমবার ভোররাতে বাপের বাড়ির লোকজনকে ফোন করে জানানো হয় যে সঞ্চিতা আত্মহত্যা করেছে। কিন্তু এই খবর পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে।বাপের বাড়ির অভিযোগ, আগের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় ও রাতে সঞ্চিতার মা একাধিকবার মেয়ের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন ফোন ধরে জানায়, সঞ্চিতা অসুস্থ এবং ঘুমিয়ে রয়েছে, তাই তার সঙ্গে কথা বলা যাবে না। বাপের বাড়ির আরও অভিযোগ, তাদের মেয়েকে খুন করে আত্মহত্যার রূপ দিতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি তাদের ক্ষোভ, ঘটনার পর তাদের কিছু না জানিয়েই রাতেই মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে সকালে খবর দেওয়া হয়।অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সঞ্চিতার মা অর্চনা মহাপাত্র কান্নায় ভেঙে পড়ে বলেন, “মেয়েকে সন্ধ্যার সময় আমি ফোন করেছিলাম। ওর বাড়ির লোক ফোন ধরে বলে শরীর অসুস্থ, ঘুমিয়ে রয়েছে।শাশুড়ির সঙ্গে কথা বলতে চাইলে শাশুড়িও কথা বলতে চাননি। তারপরে সকালে ফোন করে জানানো হয় আমাদের মেয়ে আত্মহত্যা করেছে।বাড়ির লোক অত্যাচার করে আমার মেয়েকে মেরে দিয়েছে। যারা এই কাজ করেছে, সেই দোষীদের ফাঁসি চাই। বাপের বাড়ির লোকজনের দাবি, বিয়ের পর থেকেই সঞ্চিতা নানাভাবে বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছিল। মেয়ের সুখের কথা ভেবে বারবার বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত এই চরম পরিণতি মেনে নিতে পারছেন না তারা।অন্যদিকে, গৃহবধূর কাকু অমিত মহাপাত্র জানান, “প্রতিনিয়ত ওদের মধ্যে ঝামেলা বাধত। আমরা বারবার মীমাংসা করে যাতে মেয়ে সুষ্ঠুভাবে সংসার করতে পারে, সেই চেষ্টা করে যেতাম।মেয়ে মারা যাওয়ার খবর শুনে ওই এলাকায় গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে কথা শুনে আমাদের অনুমান হয়েছে, আমাদের মেয়েকে রাতেই মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও অভিযোগ করেন, “ওই রাতেই আমাদের কিছু না জানিয়ে মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয়। পরে সকালে আমাদের জানানো হয়েছে।আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় মুখ খুলেছেন প্রতিবেশী সুস্মিতা দাস বেরাও। তিনি বলেন, “সকালে বাইরে বেরিয়ে দেখি ওর বাপের বাড়ির লোকজন কান্নাকাটি ও চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তারপর এসে শুনলাম সুসাইড করেছে বলে জানানো হয়েছে।”
সঞ্চিতার সংসারের পরিস্থিতি তুলে ধরে সুস্মিতা দেবী আরও বলেন, “মেয়েটা যখন বাপের বাড়ি আসত, খুব কষ্টে ও চিন্তায় থাকত। তাকে দেখলেই বোঝা যেত। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি তেমন আসতে দিত না। ফোনে যদি বাপের বাড়ির কেউ কথা বলত, তাহলে লাউড স্পিকারে দিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে শোনাতে হতো কী কথা হচ্ছে তাদের মধ্যে। বিকেলে মেয়ের মা নাকি ফোন করেছিল মেয়েকে, সেই ফোন শাশুড়ি ধরে বলে, ‘রাখুন, বাড়িতে ঝামেলা হচ্ছে’। তারপর রাতে মা ফোন করেছিল, অসুস্থ বলে কথা বলতে দেওয়া হয়নি। পরে সকালে ফোন করে জানানো হয় মেয়ে সুসাইড করেছে। আমারও মনে হচ্ছে ও সুইসাইড করেনি, ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমিও দোষীদের শাস্তির দাবি করছি। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে সাগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে প্রথমে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় বাসিন্দাদের বয়ান খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত এগোচ্ছে সাগর থানার পুলিশ। রবিবারের রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর ও মন্দিরতলা খেয়াঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।