সৌরভ নস্কর গঙ্গাসাগর: রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর গত মাসের এক তারিখ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প। মূলত এই ক্যাম্পে প্রতিটি বুথের মানুষেরা তাদের নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবে জনপ্রতিনিধিদের কাছে। এই ক্যাম্প থেকে এলাকার সার্বিক উন্নয়নের কাজ নির্ধারণ করবেন এলাকার মানুষজনেরা। প্রতিটি বুথ পিছু দশ লক্ষ টাকা করে উন্নয়নের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। এই নির্দেশ পাওয়ার পর গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাদ্বীপ সুরেশচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয় দুয়ারে সরকার ক্যাম্প এবং আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এসডিও ডক্টর মধুসূদন মন্ডল, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর থানার ওসি অর্পণ নায়েক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্রসহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা।এদিন প্রায় ৩০ জন পরিযায়ী শ্রমিকদের হাতে ত্রিপল নতুন পোশাক সহ রান্নার একাধিক সরঞ্জাম তুলে দেন মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকেরা। এবং সাধারণ মানুষ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা ক্যাম্প গুলি ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দুই মন্ত্রী।
