Home Uncategorized কাটোয়ায় ভাগীরথী নদী তীরে মাটি কাটার সরকারি ছাড়পত্র, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

কাটোয়ায় ভাগীরথী নদী তীরে মাটি কাটার সরকারি ছাড়পত্র, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

0

দেবাশিস রায়, পূর্ব বর্ধমান : ভাগীরথী নদীর তীর থেকে মাটি কাটার সরকারি অনুমোদনকে ঘিরে ক্ষোভে ফুঁসছে পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী কাটোয়া ২ নং ব্লকের চর কবিরাজপুর, ক্ষেতপুর পলাশী, রাজোয়ারপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাগীরথীর বুক থেকে যথেচ্ছভাবে মাটি কেটে নেওয়ার কারণে আগামী বর্ষায় নদী তীরবর্তী এলাকাগুলি ব্যাপকভাবে প্লাবিত হয়ে পড়বে।ফলে বসতভিটা থেকে শুরু করে কৃষিজমি প্রভৃতি ক্ষতিগ্রস্ত হবে।সেই সম্ভাব্য বিপর্যয়ের কবল থেকে রেহাই পেতে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নদী তীরবর্তী স্থানের মাটি কাটা বন্ধ করার দাবি জানিয়ে কাটোয়া মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে স্মারকলিপি পেশ করেছেন।যদিও ১৩ নভেম্বর শুক্রবার এবিষয়ে স্মারকলিপি জমা দেওয়ার পরদিনও কোনও সুরাহা না হওয়ায় এলাকাবাসী রীতিমতো হতাশ হন।ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন কোনওরকম ব্যবস্থা না নেওয়ায় শনিবার সকাল থেকে মাটি কাটার কাজের জন্য ট্রাক্টর-ট্রলির সংখ্যা দ্বিগুন বেড়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া ২ নং ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে ভাগীরথী নদী প্রবাহিত হচ্ছে।ফিবছর বর্ষায় ভাগীরথী নদী প্রমত্তা হয়ে ওঠায় সন্নিহিত নদী তীরবর্তী বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের কার্যত রাতের ঘুম ছুটে যায়।নদীর জল দুকূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কায় থাকেন চর কবিরাজপুর, ক্ষেতপুর পলাশী, রাজোয়ারপাড়া, কালীকাপুর সহ বিস্তীর্ণ বাসিন্দারা।প্লাবন থেকে এসব বিস্তীর্ণ এলাকা রক্ষা করার জন্য নদীর কোনওরকম বাঁধ নেই।অথচ সেই অংশেই কিনা নদীর তীর থেকে প্রচুর পরিমাণে মাটি কেটে নেওয়া হচ্ছে জন্য।নদী তীরের উৎকৃষ্ট সেই পলিমাটি ট্রাক্টর-ট্রলি বোঝাই হয়ে চলে যাচ্ছে বিভিন্ন ইটভাঁটায়।চর কবিরাজপুর মৌজায় নদী তীরবর্তী(জেল এল নং ১০৯, প্লট নং ১৬৫ এবং ১৬৭) বিশাল অংশ থেকে এই মাটি কাটার জন্য কাটোয়া মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে কাটোয়া মহকুমা ব্রিকফিল্ড ওনারস অ্যাসোসিয়েশনকে যথাবিহিত অনুমতি দেওয়া হয়েছে।গত ১৩ অক্টোবর কাটোয়া মহকুমা ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর থেকে ছাড়পত্রে বলা হয়েছে ২৩ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত মাটি কাটার জন্য নির্দেশনামা বলবৎ থাকবে অর্থাৎ নির্দিষ্ট এই একমাস সময়ের মধ্যেই সংশ্লিষ্ট কতৃপক্ষকে মাটি কাটার কাজ সম্পন্ন করতে হবে।এদিকে, এই অনুমোদন প্রাপ্তির পর জোরকদমে মাটি কাটার কাজ শুরু হতেই ক্ষেতপুর পলাশী, রাজোয়ার পাড়া প্রভৃতি এলাকার বাসিন্দাদের একাংশ ক্ষোভে ফুঁসে উঠেছেন।তাঁদের অভিযোগ, এলাকার পরিবেশকে বিপন্ন করে গঙ্গা(সাধারণ মানুষের কাছে ভাগীরথীর নাম গঙ্গা) নদী তীরবর্তী এলাকার মাটি কাটার জন্য প্রশাসন এভাবে অনুমতি দিতে পারে না।ক্ষুব্ধ বাসিন্দাদের পক্ষে সাহেব বৈরাগ্য বলেন, প্রশাসনের অনুমতিক্রমে গঙ্গার তীর থেকে যেভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে তা দেখে আমরা কার্যত হতবাক হয়ে গিয়েছি।আমাদের আশঙ্কা, নদীর তীর থেকে প্রচুর পরিমাণে মাটি কেটে নেওয়ার ফলে আগামী বর্ষায় আমাদের ঘোরতর বিপর্যয়ের মুখে পড়তে হবে।আমরা প্রশাসনিক এই অনুমোদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি।এমনকি, মাটি কাটা বন্ধের দাবিতে বিক্ষোভও দেখিয়েছি।কিন্তু, শনিবার দুপুর পর্যন্ত কোনও আশার আলো দেখতে পাইনি।ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, প্রশাসনিক এধরনের অনুমোদন দেখে তাঁরা অত্যন্ত হতাশ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version