Home Uncategorized কাকদ্বীপে দোকান থেকে পচা খাসির মাংস উদ্ধারের অভিযোগ, উত্তেজনা এলাকায়

কাকদ্বীপে দোকান থেকে পচা খাসির মাংস উদ্ধারের অভিযোগ, উত্তেজনা এলাকায়

0

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: দোকান থেকে পচা খাসির মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। বৃহস্পতিবার কাকদ্বীপের বামুনের মোড় সংলগ্ন এলাকার একটি খাসির মাংসের দোকানে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনের মোড় এলাকার ওই মাংসের দোকানটি একটি প্রতিষ্ঠিত খাসির মাংস বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিল। সেই কারণে অল্প সময়ের মধ্যেই দোকানটি এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। অভিযোগ, বৃহস্পতিবার একটি অনুষ্ঠান বাড়ির জন্য ওই দোকানে প্রায় ১২০ কেজি খাসির মাংসের অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু অর্ডার অনুযায়ী মাংস নেওয়ার পর টাটকা মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বিষয়টি নজরে আসতেই অনুষ্ঠান বাড়ির লোকজন দোকানে গিয়ে বিক্রেতার কাছে প্রতিবাদ জানান। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, পচা মাংস দেওয়ার বিষয়টি দোকানের বিক্রেতাও স্বীকার করেছেন।

ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে পচা মাংসের নমুনা সংগ্রহ করেছে। কীভাবে এই ঘটনা ঘটল এবং এর পিছনে অন্য কোনও অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version