বরুণ মণ্ডল, কলকাতা: রাজ্য সরকার কলকাতা ও হাওড়া পৌরসংস্থার ওয়ার্ড পুনর্বিন্যাসের(ডিলিমিটেশন) যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ফলাফল প্রকাশ করলো। এজন্য কলকাতা ও হাওড়া পৌর নিগম সংশোধনী বিল পাস করাতে ১২ আগস্ট বিধানসভার বিশেষ বর্ষাকালীন অধিবেশন ডাকা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী’র পৌরোহিত্যে নবান্নে ৬ আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। এইদিন মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পৌরসংস্থা ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে ২০৯ এবং হাওড়া পৌরসংস্থায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮ করতে এই সংক্রান্ত সংক্রান্ত সংশোধনী বিল আনা হবে। এদিন মুখ্যমন্ত্রী নবান্ন সভাগৃহে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ১২ আগস্ট একদিনের জন্য অ্যাসেমব্লি সেশন হচ্ছে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্টস্ বিল আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্টস্ বিল।
এদিকে ৪ আগস্ট উত্তর কলকাতায় এক সরকারি অনুষ্ঠানের শেষে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে একটা কাজ কলকাতা পৌরসংস্থা করেছে। কলকাতা পৌরবাসীকে সঠিক পৌর পরিষেবা দেওয়ার জন্য এই ডিলিমিটেশনের পরিকল্পনা করা হয়েছে। কলকাতা পৌরসংস্থা তার এলাকার প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রাথমিক একটি খসড়া রিপোর্ট আজ দফতরে পাঠিয়েছে।’ পৌর কর্তৃপক্ষের একটাই লক্ষ্য হচ্ছে, প্রতিটি ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৫ থেকে ১৭ হাজারের মধ্যে রাখা। যাতে পৌরবাসী সঠিক পরিষেবা পেতে কিছুটা সুবিধা হয়। কিন্তু কলকাতা পৌরসংস্থা একাধিক সূত্রে জেনেছে যে, প্রতিটি ওয়ার্ডে অত কম ভোটার সংখ্যায় বাঁধতে হলে, ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৩৮ – এর মতো। এবার এই ৩৮ কে কমিয়ে কী করে কী যায়, তা নিয়ে বিস্তর আলোচনা জারি ছিল। অন্তত ২১০ – ২১১ -র আশেপাশে রাখার জোরদার চেষ্টা চলছিল।
তবে এই ওয়ার্ড পুনর্বিন্যাস করতে গিয়ে, পাশাপাশি দু’টি ওয়ার্ডের সীমানা নির্ণয় করতে গিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের অনেক জায়গায় কঠিন জটিলতার মধ্যে পরতে হয়েছে। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ৯টি ওয়ার্ড ছিল, সেটা বেড়ে ১০টি হচ্ছে। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে ৮টি ওয়ার্ড ছিল, সেটা বেড়ে ১২টি হচ্ছে। তবে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র, যাদবপুর বিধানসভা কেন্দ্র, বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্র ও কসবা বিধানসভা কেন্দ্রে কলকাতা পৌরসংস্থার ওয়ার্ড সংখ্যা বড়ো সংখ্যায় বাড়ছে। কলকাতা পৌরসংস্থা ও হাওড়া পৌরসংস্থার আগামী পৌর নির্বাচন হবে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে।
হুগলি নদীর পূর্ব পাড়ের এই কলকাতা পৌরসংস্থার প্রতি ওয়ার্ডে ১৬ হাজার ভোটার রাখতে গিয়ে দু’টি ওয়ার্ডের সীমানার পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক জটিল সমস্যা দেখা দেয়। ঠিক সে কারণে পূর্ব ঘোষণা মেনে নয়া ওয়ার্ডের তালিকা প্রকাশ না করে পৌর ও নগরোন্নয়ন দফতর পাঁচদিন পরে ২০৯ ওয়ার্ডের মানচিত্র প্রকাশ করলো। তবে ওয়ার্ড বৃদ্ধি পেলেও কলকাতা পৌরসংস্থার বরোর সংখ্যা আগের মতো ১৬টিই থাকছে। শুধু বরো প্রতি ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি পাবে। নবগঠিত ওয়ার্ডের এই তালিকা ধরে রাজ্য নির্বাচন কমিশন ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলা ও তফসিলি সংরক্ষণ চিহ্নিত করবে। শারদোৎসবের আগেই এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। অন্যদিকে, হুগলি নদীর পশ্চিম পাড়ে হাওড়া পৌরসংস্থায় শেষ পৌর নির্বাচন হয়েছিল ২০১৩ সালের নভেম্বরে। দীর্ঘ ১৩ বছর পর আবার চলতি ২০২৬ সালের নভেম্বরের শেষ সপ্তাহে হাওড়া পৌরসংস্থার পৌর নির্বাচন হতে চলেছে।
